মঠবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবির হাতে গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শাহীন হাওলাদার (৩০) কে গ্রেপ্তার করেছে এসআরবি (SRB)-৮ বরিশাল।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুষখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন হাওলাদার মোস্তফা হাওলাদারের পুত্র। সে তুষখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মাছুয়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: মানিকগঞ্জের ঐতিহ্য হাজারী গুড় তৈরির জন্য ব্যস্ত সময় পার করছে হাজারী পরিবার
গত ২৯ সেপ্টেম্বর রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত শাহীন হাওলাদার ছাড়াও মোজাহার ফরাজির ছেলে লিটন ফরাজী ও মোস্তাকিমের ছেলে রেদোয়ানকেও আসামি করা হয়।
এসআরবি-৮ (বরিশাল) কর্মকর্তারা জানান, "মামলা দায়েরের পর থেকেই শাহীন হাওলাদার আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা তার শ্বশুর আলী হোসেনের ছত্রছায়ায় আত্মগোপনে ছিল। রোববার রাতে তুষখালী বাজারে তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।"
আরও পড়ুন: সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত
এসআরবি আরও জানায়, "গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহীন হাওলাদারকে রোববার রাতেই মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।"





