স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জসহ অন্যান্য আক্রান্ত এলাকা
* গা ঢাকা দিয়েছে দুর্বৃত্তরা
* জননিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
আরও পড়ুন: বহুমুখী সংকটে বাংলাদেশের শিশুরা
* ৯২ প্লাটুন বিজিবি মোতায়েন
* নড়াইলের সহিংসতা নিয়ে পুলিশের ব্যাখ্যা
আরও পড়ুন: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও ক্ষতিপূরণ দিতে হবে
গোপালগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় গত কয়েকদিনের নিষিদ্ধ আওয়ামী দুর্বৃত্তদের ককটেল হামলা, সন্ত্রাসী তাণ্ডব, বাড়িঘর ও গাড়িতে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় আতঙ্কিত জনপদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। গত দু'দিন ধরে অনেক এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজমান। চিহ্নিত দুর্বৃত্তরা গা ঢাকা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও কৌশলগত পরিস্থিতি মোকাবিলায় টহল জোরদারে জনগণের মাঝে ফিরে এসেছে স্বস্তি। পুলিশ ও র্যাবের পাশাপাশি ৯২ প্লাটুন বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। এদিকে, রাজধানীতে বিশেষ অভিযান ও গ্রেফতার অব্যাহত রেখেছে পুলিশ। রাজধানীতে নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান, তল্লাশিচৌকি ও টহল জোরদার করেছে ডিএমপি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, বৃহস্পতিবার ও শুক্রবার দু'দিনে রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮১ জনসহ মোট ৭৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে গোপালগঞ্জ পরিদর্শন করেছেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তারা ক্ষতিগ্রস্ত থানা ও পুলিশ স্থাপনা পরিদর্শন করেন এবং জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে আইজিপি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। নাশকতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। কয়েক দিনের অচলাবস্থার পর গোপালগঞ্জের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বাস চলাচলও শুরু হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে দক্ষিণাঞ্চলের ৫ জেলায় বাস চলাচল শুরু হয়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর ও যশোরের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে থাকে। সড়কের ওপর ফেলে রাখা গাছ ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য রয়েছে। এছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নির্বিঘ্ন দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাসমূহে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর। গোপালগঞ্জে মোতায়েনকৃত এক ব্যাটালিয়ন বিজিবির পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন শুরু হয়েছে।
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে মোতায়েনকৃত এক ব্যাটালিয়ন (২৭-২৯ প্লাটুন) বিজিবি সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন শুরু হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এদিকে, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান বাংলাবাজার পত্রিকা'কে জানান গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গত দুই দিনে কোন প্রকার সহিংস ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্বৃত্তদের অনেকেই গা ঢাকা দিয়েছে। আতঙ্ক পরিস্থিতি থেকে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে।
পুলিশের আইজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রধানগণ সশরীতায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করে জনগণকে আশ্বস্ত করায় অনেকটাই আতঙ্ক কেটে গেছে। জনগণের জানমাল নিরাপত্তায় পুলিশ সার্বিক ব্যবস্থা নিয়েছে। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। কোন ধরনের সহিংসতার চেষ্টা করলে তা মোকাবিলার নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির তথ্য অনুযায়ী, গত শুক্রবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৪ জন। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৮টি মামলা করা হয়। অভিযানে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপতি, একটি রামদা, ১১১টি মোবাইল ফোন, ৫ হাজার ৭২০টি ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে আরও ২৯৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৭ জন সদস্য রয়েছেন। এ সময়ে ৩২টি মামলা হয়েছে। দ্বিতীয় দিনের অভিযানে চারটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০টি ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দুদিনের অভিযানে মোট ৭৭৩ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে ১৮১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বলে ডিএমপির তথ্য থেকে জানা গেছে।
ওদিকে, নড়াইলের কালিয়া উপজেলার বেঙ্গারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওগুলো পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই বলেও দাবি করেছে পুলিশ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেঙ্গারচর সুইসগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করেন।
এ ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বেঙ্গারচর গ্রামে। তারা দুজনই ভুলু বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং অন্য ব্যক্তিরা বেঙ্গারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তারা হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের দাবি, বেঙ্গারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবারের ওপর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া এসব তথ্যের মাধ্যমে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ও শুক্রবার নোয়াখালী, নরসিংদী, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, রাজশাহী, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় নতুন করে নাশকতার খবর পাওয়া গেছে। এছাড়া শনিবারও গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা ও কার্যালয়, রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাদের বাড়ি, যানবাহন এবং বিভিন্ন স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা হয়েছে।





