টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৪৫ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মক্কেলের সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত সাবেক জেলা ও দায়রা জজ মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিলের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসদার হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন বার কাউন্সিলের নজরে এসেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার বিষয় বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো উপাদান পাওয়া গেছে বলে মনে করেছে সংস্থাটি।

আরও পড়ুন: জনস্বার্থে প্রাণী অধিকার রক্ষায় লিগ্যাল নোটিশ দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার

এর প্রেক্ষিতে তার আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি কেন তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে না—এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে লিখিত বক্তব্যে মাসদার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে।

আরও পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

অভিযোগ রয়েছে, উচ্চ আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সময় এক মক্কেলের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা গ্রহণ করলেও তিনি কোনো কাজ সম্পন্ন করেননি। এতে ওই মক্কেলকে আরও ৪২ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

ভুক্তভোগী বিচারপ্রার্থী বিষয়টি লিখিতভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছে অভিযোগ আকারে জমা দিয়েছেন এবং ক্ষতিপূরণসহ অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে মাসদার হোসেন একটি পরিচিত নাম। ১৯৯৫ সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব থাকাকালে তিনি বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত ঐতিহাসিক মামলার অন্যতম বাদী ছিলেন, যা ‘মাসদার হোসেন মামলা’ নামে পরিচিত।

পরবর্তীতে তিনি উচ্চ আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন এবং অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।