চানখারপুলে ছয়জন হত্যা মামলার রায় আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই বিপ্লবের সময় রাজধানীর চানখারপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেবেন।

এর আগে গত ২০ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।

আরও পড়ুন: শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই শীর্ষ সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। সে রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী তামীম জানান, এ মামলায় ২৬ জন সাক্ষীর জবানবন্দির পাশাপাশি বিপুল পরিমাণ নথিপত্র, অডিও, ভিডিও ও ফরেনসিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের রেকর্ড, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ওয়্যারলেস বার্তা, পুলিশের গুলিবর্ষণের ভিডিও ফুটেজ, নিহতদের মৃত্যুসনদ এবং অস্ত্র ইস্যুর রেকর্ড।

আরও পড়ুন: এমপি সরোয়ার আলমগীরের সংসদে যোগদানে বাধা নেই: আপিল বিভাগ

তিনি বলেন, উপস্থাপিত প্রমাণে সন্দেহাতীতভাবে সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির পাশাপাশি পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে।

চানখারপুল মামলার আট আসামি হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশনস) আরশাদ হোসেন এবং কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। এদের মধ্যে চারজন কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছেন।

আসামিদের বিরুদ্ধে নির্বিচারে গুলিবর্ষণের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটনে ষড়যন্ত্র, উস্কানি, সহায়তা ও প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ‘সুপিরিওর কমান্ড রেসপনসিবিলিটি’ বা সর্বোচ্চ কর্তৃত্বের দায় আরোপ করা হয়েছে।

চানখারপুলে নিহত ছয় শহীদ হলেন—শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া।