ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
আইনজীবী শিশির মনির জানান, এ-সংক্রান্ত আদেশের লিখিত অনুলিপি এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে।
আবেদনে বলা হয়, প্রচলিত আইন অনুযায়ী কোনো একটি গ্রুপ বা পরিবারের হাতে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। তবে ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়ে মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করছে।
আরও পড়ুন: দুই বছরের সাজা, আপিল করেও জামিন পেলেন না বিদিশা
এর আগে গত বছর ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও কয়েকজন ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ও পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এবার এস আলম-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার ফ্রিজের নির্দেশ দিলেন হাইকোর্ট।





