সিঁড়ি দিয়ে ওঠানামায় হাঁটুতে ব্যথা? কারণ লুকিয়ে থাকতে পারে যেসব সমস্যায়

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৭ পূর্বাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে হাঁটুতে ব্যথা অনুভব করেন অনেকেই। বিশেষ করে সিঁড়ি দিয়ে নামার সময় হাঁটুতে চাপ, টান বা তীব্র ব্যথা বেশি অনুভূত হতে পারে। কখনও এটি সাময়িক সমস্যা হলেও বারবার এমন হলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়।

সিঁড়ি ব্যবহারের সময় হাঁটুর ওপর স্বাভাবিক হাঁটার তুলনায় বেশি চাপ পড়ে। ফলে হাঁটুর হাড়, তরুণাস্থি, পেশি বা লিগামেন্টে কোনো সমস্যা থাকলে সিঁড়ি ওঠানামার সময় তা বেশি স্পষ্ট হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: বারবার পাইলস ফিরে আসার প্রধান কারণ

হাঁটুতে ব্যথার সম্ভাব্য কারণ

হাঁটুর ব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে। বয়স বাড়ার সঙ্গে হাঁটুর জয়েন্টের ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিসের কারণে এমন ব্যথা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে দীর্ঘক্ষণ হাঁটা, সিঁড়ি ভাঙা বা বসা থেকে ওঠার সময় ব্যথা বাড়তে পারে।

আরও পড়ুন: যেভাবে মিশ্র ত্বকের যত্ন নেবেন যেভাবে

এ ছাড়া হাঁটুর আশপাশের পেশি দুর্বল হয়ে পড়া, অতিরিক্ত ওজন, দীর্ঘদিনের শারীরিক নিষ্ক্রিয়তা কিংবা অতিরিক্ত ব্যায়ামের কারণেও হাঁটুতে চাপ পড়ে ব্যথা হতে পারে।

হাঁটুতে পুরোনো আঘাত, লিগামেন্ট বা তরুণাস্থির সমস্যা থাকলেও সিঁড়ি ব্যবহারের সময় ব্যথা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে হাঁটুর সামনের অংশে ব্যথা হওয়ার পেছনে প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোমের মতো সমস্যাও থাকতে পারে।

কখন সতর্ক হবেন?

শুধু সিঁড়ি ব্যবহারের সময় হালকা ব্যথা হলে সবসময় গুরুতর কোনো সমস্যা বোঝায় না। তবে ব্যথা নিয়মিত হলে, ক্রমে বাড়তে থাকলে, হাঁটু ফুলে গেলে, হাঁটু ভাঁজ বা সোজা করতে সমস্যা হলে কিংবা হাঁটার সময়ও ব্যথা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

হাঁটুর ব্যথার কারণ সঠিকভাবে জানতে চিকিৎসকের শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে। তাই দীর্ঘদিনের ব্যথাকে শুধু বয়সের কারণে হচ্ছে ভেবে এড়িয়ে না গিয়ে কারণ নির্ণয় করাই ভালো।