ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:২০ পূর্বাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেওয়া হলে জনসাধারণের ঢল নামে শহীদ মিনারে।

দেখা যায়, ব্যানার, ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সব শ্রেণি-পেশার মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে সুর ওঠে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও। দিবসটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সেই শিক্ষা আবারও আমাদের ৫ আগস্টের প্রেরণা হয়ে এসেছে বলেই স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি। স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছি। এই শহীদরাই আমাদের সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কথা বলার শক্তি।