দুর্গাপূজা উপলক্ষে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৬ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও সুষ্ঠুভাবে উদযাপিত হবে। পূজা চলাকালে দেশের প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার সকালে (১৭ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

আইজিপি জানান, দুর্গাপূজা ঘিরে প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন পরবর্তী সময়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন— র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম, এটিইউ’র অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম, নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি মো. মাইনুল হাসানসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান কর্মকর্তারা। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, রমনা কালী মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও নৌ পুলিশের পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

সভায় জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়।

এছাড়া পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখা, স্বেচ্ছাসেবক নিয়োজিত করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পুলিশের পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

পুলিশ হেডকোয়ার্টার্স ও অন্যান্য ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে দুর্গাপূজা চলাকালীন সময়।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।