ভারতে সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় বাংলাদেশর উদ্বেগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ভারতে মুসলিম, খ্রিস্টানসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মাহবুবুল আলম এই উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মাহবুবুল আলম বলেন, ভারতে মুসলিম-খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা সৃষ্টি গভীর উদ্বেগের বিষয়। চলতি মাসে ভারতের ওড়িশায় একজন মুসলিম যুবক জুয়েল রানার নৃশংস হত্যার ঘটনা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি-সহিংসতার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর সংঘটিত গণসহিংসতার বিষয়েও বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এই সব ঘটনাকে আমরা ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখছি।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

মাহবুবুল আলম আশা প্রকাশ করেন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। তিনি বলেন, প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেওয়া, যা প্রতিটি দেশে পালনীয়।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গভীর উদ্বেগ’ জানানোর দুদিন পর এ বক্তব্য এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।