সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সচিবালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে না গিয়ে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন।
আরও পড়ুন: আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম
প্রথমে ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।
এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে অস্থিরতা: এক মাসে ঢাকা থেকে ৮৫৮টি ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে যাত্রীরা
সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।
এদিকে, দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।





