টাঙ্গাইলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
কবরস্থানের জায়গা নিয়ে দুই বংশের বিরোধের জেরে একাদশ শ্রেণির ছাত্র নাঈমকে বল্লম দিয়ে বুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। বুধবার সকালে টাঙ্গাইলের কালিহাতীর মহাদেবপুর গ্রামে সিকদার ও সরদার বংশের লোকজনের মধ্যে সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত অর্ধশত লোক আহত হন।
পুলিশ জানায়, স্থানীয় কবরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সকাল সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাঈম সরদার বংশের ওসমান আলীর ছেলে এবং কালিহাতী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগ, আহত- ৩ প্রতিবাদে মানববন্ধন
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহত নাঈমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।





