অন্তর্বর্তী সরকারের দুর্নীতি অভিযোগ তদন্ত হবে: জাহেদ উর রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৪ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি একই সঙ্গে নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: সংসদে ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস, আরও ২টি উত্থাপন

দুর্নীতি তদন্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই তদন্ত হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠিত হলে তাদের মাধ্যমেই এ কার্যক্রম শুরু হবে। শুধু অতীত নয়, বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কিনা—সেটিও খতিয়ে দেখা হবে।”

তিনি বলেন, দুর্নীতির লাগাম টানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রশাসনের ভেতরে কোনো অনিয়ম থাকলেও তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: ৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে। এটি শুধু বিদ্যুৎ খরচের বিষয় নয়, বরং সড়ক নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত।

তিনি জানান, অনেক চালক প্রশিক্ষণহীন এবং অনেক যানবাহন প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ। আগে এসব যান অলিগলিতে সীমাবদ্ধ থাকলেও এখন প্রধান সড়কে চলাচল করছে, যা ঝুঁকি বাড়াচ্ছে।

ব্যাংক খাতের বিষয়ে তিনি বলেন, আগের সরকারের সময়ে এ খাত দুর্বল হয়ে পড়েছে। তবে বর্তমানে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম চলছে। হঠাৎ বড় পরিবর্তন না এনে পরিকল্পিতভাবে এগোনোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে আস্থার সংকট তৈরি না হয়।

এছাড়া ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। অর্থনীতির পুনরুজ্জীবন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং রাজস্ব আয় বৃদ্ধির জন্য এসব পদক্ষেপ জরুরি বলে উল্লেখ করেন উপদেষ্টা।