জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশের জ্বালানি খাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে ৩৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এ অর্থায়ন দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ও মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। আমদানিনির্ভর এলএনজির ওপর বাংলাদেশের উচ্চ নির্ভরশীলতা দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
আরও পড়ুন: ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনালের চুক্তি সই
বিশ্বব্যাংকের মতে, এই অর্থায়নের মাধ্যমে পেট্রোবাংলা দীর্ঘমেয়াদি ও তুলনামূলক সাশ্রয়ী চুক্তির আওতায় এলএনজি আমদানি করতে পারবে। এতে স্পট মার্কেটের মূল্য অস্থিরতার প্রভাব কমবে এবং জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা নিশ্চিত হবে।
সংস্থাটি আরও উল্লেখ করেছে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় থাকলে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সচল থাকবে। এর ফলে শিল্প উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: গিয়াস উদ্দিন রিমন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও স্থিতিশীল আমদানি ব্যবস্থা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।





