পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের তিনি সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের কাছে চেক হন্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরশনের প্রশাসক আব্দুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, বরিশালের বিলকিস জাহান শিরীনসহ ১৩ সিটির প্রশাসক।
আরও পড়ুন: আগামী ৭ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন: স্পিকার
এর আগে বিকেলে বাসায় আসর নামাজ পড়ে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী বলে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রের কাছে ইদ বোনাস হস্তান্তর করেছেন।
আরও পড়ুন: বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকার: জ্বালানিমন্ত্রী
প্রসঙ্গ, এ বছরের ঈদুল ফিতরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।





