২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে চান আমিনুল হক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৪৮ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিজেদের বাড়িতে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা সফল করতে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে তাদের নিজেদের বাড়ি, উঠান কিংবা ছাদে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-১৬ আসনের আওতাধীন সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিগুণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়। তোমরা বাসায় গিয়ে তোমাদের আব্বু-আম্মুকে বলবে, আজ আমিনুল আঙ্কেল এসেছিলেন এবং সবাইকে একটি করে গাছ লাগাতে বলেছেন। বাসার উঠান, ছাদ কিংবা যেখানে খালি জায়গা পাবে, সেখানে একটি করে গাছ লাগাবে।”

আরও পড়ুন: নজরদারিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, আরও রদবদলের আভাস

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, স্কুলের মাধ্যমে তাদের গাছের চারা দেওয়া হবে। তারা যেন নিজেরাই সেই চারা রোপণ করে এবং নিয়মিত গাছের যত্ন নেয়।

আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে দেশের নাগরিক হিসেবে সবার দায়িত্ব রয়েছে। শিশুদের ছোটবেলা থেকেই গাছের উপকারিতা ও পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে।

আরও পড়ুন: দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাঝে দায়িত্ব বন্টনের পরিপাত্র জারি

তিনি বলেন, “আমি আজ এখানে বক্তব্য দিতে আসিনি। তোমাদের সঙ্গে গাছ লাগাতেই এসেছি। আজ তোমরাই গাছ লাগাবে, আমিও তোমাদের সঙ্গে থাকব।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখন থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।