জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি, বৈঠক বিশ্বনেতাদের সঙ্গে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:০২ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময়  সন্ধ্যা ৭টায় বাংলাদেশ স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে বহুপক্ষীয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়, রোহিঙ্গা সংকট এবং উন্নয়ন সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পেয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ ও দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সরকারের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে এসব কর্মসূচিতে।

আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

তিনি জানান, প্রথম দিনে প্রধানমন্ত্রীর জন্য মোট ১২টি কর্মসূচি নির্ধারিত ছিল। সময়ের সীমাবদ্ধতার কারণে ইউরোপীয় কাউন্সিল ও মেটার সঙ্গে দুটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকতে পারেননি। বাকি ১০টি কর্মসূচিতে তিনি সরাসরি অংশ নেন।

প্রধানমন্ত্রী দিনের কর্মসূচি শুরু করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতঃরাশে অংশ নিয়ে। রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এই আয়োজন করা হয়। এরপর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, হাইতির প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও অংশীদারত্ব জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতাসহ দুই দেশের সামগ্রিক অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের বিশেষ সম্পর্ক এবং তা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান হুমায়ুন কবির।

মাহদী আমিন জানান, ভুটান, মালদ্বীপ ও তুরস্কের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকটও প্রধানমন্ত্রীর প্রথম দিনের আলোচনায় গুরুত্ব পেয়েছে। মাহদী আমিন জানান, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ইউএনএইচসিআরের প্রতিনিধিদের এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তেল, গ্যাস ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে তৈরি বৈদেশিক অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা এবং তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান কর্মসূচিতে সহায়তা বাড়াতে বিশ্বব্যাংক সম্মত হয়েছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনার বিষয় ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকতে না পারায় তাঁর মনোনীত একটি উচ্চপর্যায়ের দল মেটার সঙ্গে বৈঠক করে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে মেটার ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় আলোচনায় কোম্পানিটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘে এটিই হবে তাঁর প্রথম ভাষণ।