প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামকে ভালোবাসেন বলেই গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, গ্রামীণ সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার।
শনিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইলে কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করেন। বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, সেই লক্ষ্য সামনে রেখেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে। বর্তমানে সারাদেশে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত উপকারভোগীরাই এ কার্ড পাবেন।
আরও পড়ুন: পায়ুপথে চারটি সোনার ডিম, অন্তর্বাসে সোনার পেস্টসহ আটক ১
নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য দুর্যোগসহনীয় আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
নিজের নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নান্দাইলে একের পর এক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড ইতিমধ্যে স্থানীয় মানুষের সামনে দৃশ্যমান হয়েছে।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা ও পৌর বিএনপির নেতারা, স্থানীয় যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।





