মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা

Shahrier Islam Pallab
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে ঢাকা, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে শত শত পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া গাজীপুর শিল্পাঞ্চলে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ৫টি কারখানায় রবিবার ছুটি ঘোষণা করা হয়েছে। সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারা, লে-অফ ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ—এমন বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছেন মালিকরা। এর বাইরে গোটা শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

এদিকে, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শনিবার এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি

গত শনিবার গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছেন। এর ধারাবাহিকতায় রবিবার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আধা ঘণ্টা পর শ্রমিকরা সেখান থেকে সরে যান।

আরও পড়ুন: গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

এছাড়া গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকায় বিচ্ছিন্ন অসন্তোষের কারণে পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, শুধু গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য রয়েছেন।

শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিকদের আন্দোলনের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে—ইন্টারইস্টপ, ইকো টেক্স, এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিংস, ট্রপিক্যাল, ফারিস্ট, আহসান কম্পোজিট, ডিভাইন, লিডা, করোনী, লিভেন্ডার, ইনক্রেডিবল ও সদমাসহ বেশ কয়েকটি কারখানায়।

কারখানার শ্রমিকেরা উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও তেলিরচালা এলাকায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলে বেলা সাড়ে ১২টায় থেমে থেমে যান চলাচল শুরু হয়। সাদমা কারখানার পরিচালক বলেন, আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত ১৩টি কারখানা বন্ধ ও ৪৯টিতে ছুটি চলছে।আন্দোলনকারী শ্রমিক নেতা সোহেল মিয়া বলেন, আমাদের দাবি আদায় না হলে সব কারখানা বন্ধ করে দেব। আজও কিছু কারখানা খোলা ছিল, আমরা সেখানে গিয়ে কারখানা ছুটি দিতে বাধ্য করি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। রবিবারও কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তার সঠিক তথ্য এখনো আসেনি।

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ জানান, শ্রমিকেরা সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে তাঁদের সরিয়ে দিতে সক্ষম হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে রাখলেও রাস্তা অবরোধমুক্ত রাখতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্র আরও জানায়, রবিবার বেশ কিছু কারখানা বন্ধ থাকায় সকাল ৯টা থেকে শ্রমিকেরা পল্লীবিদ্যুৎ এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। মাসিক বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে তাঁরা রাস্তা অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটে শত শত যানবাহনের হাজারো যাত্রী ভোগান্তির শিকার হন।

তবে কিছু এলাকায় অস্থিরতা দেখা দিলেও গাজীপুরের সামগ্রিক শিল্পাঞ্চলের চিত্র অনেকটা স্বাভাবিক। জেলায় থাকা প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ ও ছুটি ঘোষিত ১৮টি কারখানা বাদে বাকি সব কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ‘ক্রমাগত শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা পুনরায় খুলে দিতে পারবে।’ তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কারখানাগুলোর জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ ৫০-এর বেশি কারখানা: রবিবার দুপুর ১২টা পর্যন্ত সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি পালন ছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।

বেলা সাড়ে ১২টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রম আইনের ১৩(১) ধারা, লে-অফ ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ—এমন বিভিন্ন কারণে মালিকরা অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছেন। এর বাইরে গোটা শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

এর বাইরে পাঁচটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছিলেন। এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা আবার কাজও শুরু করেছেন। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,’ যোগ করেন এসপি।

শিল্প পুলিশ সূত্র জানায়, এসব কারখানার মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি ও মৌখিকভাবে পাঁচটি কারখানা বন্ধ রয়েছে। শিল্প পুলিশ বলছে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শিগগিরই শিল্পাঞ্চল তার স্বাভাবিক চেহারায় ফিরবে বলে আশাবাদী তারা। সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়েই কারখানাগুলোর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ: গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।=

ঢাকার বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯তলায় শ্রম অধিদপ্তরে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহূত এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। এছাড়া সভায় শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শনিবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া, নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

শ্রমিকরা কাজে না ফিরলে রবিবার থেকে কারখানা বন্ধ: বিজিএমইএ-বিকেএমইএ: আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রপ্তানিমুখী পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

গত শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তাঁরা। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান।

মাহমুদ হাসান খান বলেন, সাম্প্রতিক সময়ে পোশাক খাতে নিম্নতম মজুরির বিষয়কে কেন্দ্র করে একটি মহল এ শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর ফলে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানার মালিকরা একটি কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় এসব অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।

শ্রমিক অসন্তোষের কারণে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে জানিয়ে মাহমুদ হাসান খান বলেন, সিংহভাগ শ্রমিক কাজে যোগ দিতে আন্তরিক এবং তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে কিছু বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

শ্রমিক সংগঠনগুলোর কঠোর সমালোচনা করে মাহমুদ হাসান বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাঁদের বা কোনো শ্রমিক সংগঠনের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তবে অত্যন্ত দুঃখের বিষয়, এ সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলো যে ভূমিকা পালনের চেষ্টা করেছে, তা যথেষ্ট কার্যকর হয়নি। মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। এতে সার্বিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর শনিবারের জরুরি সভায় দেড় হাজারের বেশি কারখানার মালিক অংশ নিয়ে জানিয়েছেন, কারখানায় ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ চলতে থাকলে একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে তাঁরা আগামী ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেবেন।

তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহে। যদি আন্দোলনের কারণ মজুরি-সংক্রান্ত দাবি হয়ে থাকে, তাহলে মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিক আন্দোলন ও কারখানা ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই যৌক্তিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মজুরি বোর্ডের প্রথম সভাতেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে। তারপরও এ নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য গার্মেন্টস মালিকদের চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করতে বাধ্য করা, অথবা এর পেছনে কারও অন্য কোনো অভিপ্রায় থাকতে পারে।

বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এ ক্রান্তিকালে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পুরো খাত হুমকির মুখে পড়ে। মালিক-শ্রমিক সবাইকে মিলেই এ খাত টিকিয়ে রাখতে হবে।