উত্তপ্ত এফডিসি, হঠাৎ কেন ক্ষুব্ধ হেলাল খান?
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চলচ্চিত্রসংশ্লিষ্টদের আয়োজিত মানববন্ধন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণ। পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ না নেওয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।
রোববার(১৫ নভেম্বর) দুপুরে এফডিসি প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হেলাল খান ছাড়াও সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।
আরও পড়ুন: ‘হোক কলরব’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে গাইবেন অর্ণব
মানববন্ধন শেষ হওয়ার পর শিল্পী সমিতির কার্যালয়ের সামনে জয় চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পান হেলাল খান। এ সময় তাঁদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাঁর বক্তব্য ও মন্তব্যকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জয় চৌধুরীকে উদ্দেশ্য করে হেলাল খান বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’
আরও পড়ুন: ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’
এ সময় উপস্থিত অন্যদের উদ্দেশ্য করেও তাঁকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করতে শোনা যায়। তিনি আরও বলেন, ‘এখানে যারা ছিল সবগুলো ফ্যাসিস্ট। এফডিসি ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।’
হেলাল খানের ক্ষোভের মূল কারণ ছিল, এফডিসিতে উপস্থিত থাকার পরও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য কেন মানববন্ধনে অংশ নেননি। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এফডিসি প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।





