মাধবপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ডাক বিভাগের ৩ কর্মী নিহত
হবিগঞ্জের মাধবপুরে ডাকবাহী মেইল গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), আবুল কালাম আজাদ (৫৫) ও মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪)। তাঁদের মধ্যে জসিমের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। নিহত অন্য দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, বুধবার রাতে সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত একটি ডাকবাহী গাড়ি মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। পথে গাড়িটি কায়সারনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ডাকবাহী গাড়ির চালকসহ তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।





