নারী উদ্যোক্তা শিক্ষানুরাগী হায়াতুন নেসা আর নেই
নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী হায়াতুন নেসা সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস ও নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম শেখ লুৎফর রহমানের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে-মেয়ে সকলেই ইউরোপ-আমেরিকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনিও ইউরোপে দীর্ঘদিন বসবাস করেন। কয়েক মাস আগে শারীরিক জটিলতা নিয়েই তিনি দেশে ফিরেন।
দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডমিনো’স ও ফুওয়াং গ্রুপের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী শেখ নুর ইসলাম মরহুমার ছোট ছেলে। মরহুমা হায়াতুন নেছার ছোট ভাই সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক। হায়াতুন নেছার মৃত্যুর সংবাদে আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা ইউনাইটেড হাসপাতালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
আরও পড়ুন: সেভয়ের ডিস্কোনে নতুন ভ্যারিয়েন্ট, কুকিজ-ব্রাউনি ও ক্যারামেলের রিচ স্বাদ
মরহুমার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার জোহর নামাজ শেষে পূর্ব রাজাবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মরহুমার ছোট ছেলে শেখ নুর ইসলাম। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
বিশিষ্ট শিক্ষানুরাগী হায়াতুল নেসার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাবাজার পত্রিকা পরিবার। বাংলাবাজার পত্রিকার প্রকাশক মোঃ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ দুলাল, বার্তা সম্পাদক সৈয়দ তারেক হাসান, সিটি এডিটর মুস্তাফিজুর রহমান বিপ্লবসহ সাংবাদিক ও কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান





