ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচায় বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে ‘জুলাই আন্দোলন’ সংশ্লিষ্ট একদল বিক্ষুব্ধ মানুষ। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে কনকর্ড টাওয়ারের সামনে তারা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রোববার (২৪ আগস্ট) একটি টেলিভিশন টকশোতে ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ হিসেবে আখ্যা দেন। তার এ মন্তব্যের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং বিএনপির পক্ষ থেকেও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
বিক্ষোভকারীরা বলেন, “দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে। সেই রক্ত শুকায়নি এখনও। অথচ ফজলুর রহমান আবারও ফ্যাসিবাদকে উসকে দিচ্ছেন। বাংলাদেশে আর কোনো নতুন ফ্যাসিস্ট জন্ম নিতে দেওয়া হবে না। যারা ২৪-কে স্বীকার করবে না, তাদের এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।”
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “সকালে জুলাই আন্দোলনের কিছু অংশগ্রহণকারী ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হন। আমাদের পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত আছেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন।”
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
বিক্ষোভকারীরা স্পষ্ট করে জানান, ফজলুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো না হলে তারা বাসার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ঘটনাটি নতুন মাত্রা যোগ করেছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো ফজলুর রহমানের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।





