‘প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে সব দলের মানা ছাড়া আর কোনো পথ নেই’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সিদ্ধান্তগুলো নিয়ে কিছু ইস্যুতে ভিন্নমত থাকলেও সামগ্রিকভাবে তা স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া রাজনৈতিক দলগুলোর সামনে বাস্তবসম্মত অন্য কোনো পথ খোলা নেই।
নেতারা জানান, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, উচ্চকক্ষে দলগুলোর ভোটের অনুপাতে আসন বণ্টন এবং গণভোটের ব্যালটে ভিন্নমত–সমমতের অন্তর্ভুক্তি—এসব বিষয়ে সরকার যে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে, তা বৃহত্তর স্বার্থে গ্রহণযোগ্য সমাধানের দিকে অগ্রগতি।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহের আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের মতামত স্পষ্ট হওয়ার পর এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তটাই পরিস্থিতির উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই রাজনৈতিক দলগুলোর প্রতি তারা এসব নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানান।
এবি পার্টির দুই নেতা আশা প্রকাশ করেন, বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দল বিভক্তি পেছনে ফেলে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করবে, যাতে দেশ স্থিতিশীল গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে পারে।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান





