ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে: হাসনাত আবদুল্লাহ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৫ পূর্বাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

আরও পড়ুন: দেশের পরিস্থিতি আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল

পোস্টে তিনি উল্লেখ করেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। তার দাবি অনুযায়ী, মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান এ ঘটনায় জড়িত।

সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমপি হাসনাত আবদুল্লাহ লেখেন, প্রায় ১৫ দিন আগে নরসিংদীর মাধবদী এলাকায় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি দল কর্মস্থল থেকে ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে বিচার চেয়ে মেয়েটির বাবা স্থানীয় মেম্বারের কাছে গেলে, অভিযুক্তদের কাছ থেকে টাকা নিয়ে বিষয়টি আপসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি মামলা করতেও বাধা দেওয়া হয় এবং পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেওয়া হয় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ৭ নেত্রী আটক

তিনি আরও লেখেন, বুধবার বিকেলে কিশোরীকে খালার বাড়িতে রেখে আসতে গেলে আবারও তাকে তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে বলে পোস্টে উল্লেখ করা হয়। তবে প্রধান অভিযুক্ত নূরা এখনও গ্রেপ্তার হয়নি দাবি করে এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, তাকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরে জানানো হবে।