রমজান ঘিরে মক্কায় বিশেষ প্রস্তুতি
পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান ওমরাহ পালনের জন্য মক্কায় ভিড় করেন। এই বিশাল ভিড় নিয়ন্ত্রণ, মসজিদুল হারাম ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জরুরি বর্জ্য অপসারণসহ বিভিন্ন সেবা প্রদানের জন্য মক্কা নগর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি শুরু করেছে।
সৌদি টিভি আল-ইখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মক্কা মেয়রের মুখপাত্র উসামা জাইতুনি। জাইতুনি জানান, মক্কায় ১৮ হাজার প্রধান ও ছোট সড়ক, ৫৮টি টানেল ও ৭০টি সেতু রয়েছে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা সরকারি ছুটি
এসব রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে বড় নেটওয়ার্ক রয়েছে, যা সব সময় পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার রাখতে হয়। পাশাপাশি মক্কার দোকান ও রেস্তোরাঁর সব কিছুর বৈধতা নিশ্চিত করতে হয়। পবিত্র রমজান মাসে মুসল্লিদের সংখ্যা বাড়ায় এসব স্থানের গুরুত্ব আরো বৃদ্ধি পায়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ পবিত্র রমজান শুরু হবে।
এ মাসে বিশ্বের অসংখ্য মুসলিম ওমরাহ পালন করে। গত বছরের জুলাইয়ে হজের পর নতুন ওমরাহ মৌসুম শুরু হয়। গত বছর এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করে। আগামী হজ মৌসুম শুরুর আগেই দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবে বলে আশা করছে সৌদি আরব।
আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি





