পবিত্র আশুরা আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র আশুরা আজ। মুসলিম উম্মাহর জন্য ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এটি গভীর শোকের দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হচ্ছে।

হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা ইরাকের কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রতীক হিসেবে মুসলমানদের কাছে কারবালার এই ঘটনা বিশেষ গুরুত্ব বহন করে।

আরও পড়ুন: হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজি

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং কারবালা প্রান্তরে শাহাদাতবরণকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।

এদিন ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা পালন, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও নফল ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বাংলাবাজার পত্রিকার ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করুন সহজেই

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালিত হবে। তবে তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।