বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপে অংশ নিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশটির সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ভারতের ২০৩৬ অলিম্পিক বিডে প্রভাব ফেলতে পারে: গার্ডিয়ান
রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানায়, “পাকিস্তান সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের অনুমোদন দিয়েছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না।”
এর আগে গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। বৈঠক শেষে তিনি জানান, সোমবারের আগেই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন: ভুটানকে ১২ গোল দিয়ে উড়িয়ে দিল বাংলার মেয়েরা
রোববার সেই সিদ্ধান্তের ঘোষণা দিয়ে পিসিবি জানায়, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না পাকিস্তান।
উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী শনিবার, ৭ ফেব্রুয়ারি। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি।
এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে অবস্থান নিয়েছে পাকিস্তান। আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়। এমনকি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের বিষয়টিও বিবেচনায় নিয়েছিল পিসিবি। তবে এতে বড় ধরনের ঝুঁকি ও আইসিসির সম্ভাব্য শাস্তির আশঙ্কা থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
ফলে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পথ বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।





