বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন ডিজিটাল সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে আউটলুক, মাইক্রোসফট ৩৬৫, টিমসসহ প্রতিষ্ঠানটির জনপ্রিয় বিভিন্ন সেবা ব্যবহারে ভোগান্তিতে পড়েন লাখো ব্যবহারকারী। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সেবাগুলো স্বাভাবিক হতে শুরু করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ: কারা পাবেন না, ৬টি শর্ত জেনে নিন
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মাইক্রোসফটের বিভিন্ন সেবায় সমস্যা দেখা দেওয়ার পর ওয়েবসাইট ও অ্যাপের সেবা বিঘ্নের তথ্য পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী অভিযোগ জানান।
এ বিপর্যয়ের কারণে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের পাশাপাশি শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট ব্যবহারেও সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন: ‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন, নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান
পরবর্তী সময়ে অভিযোগের সংখ্যা কমে প্রায় ১৩ হাজারে নেমে আসে। তবে তখনো অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠানো ও গ্রহণ এবং ইনবক্স খুলতে সমস্যার কথা জানান।
মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির প্রাথমিক ধারণা, সার্ভারের কারিগরি ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে।
মাইক্রোসফট জানায়, তাদের অবকাঠামোর বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে বিভিন্ন সেবায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পুনরায় চালু করা সার্ভারগুলো বর্তমানে স্থিতিশীল রয়েছে। বাকি সার্ভারগুলো সচল করার পাশাপাশি বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে সেবা চালু রাখার চেষ্টা চলছে। সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা ধীরে ধীরে স্বাভাবিক সেবা ফিরে পাবেন।
এদিকে মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের প্রভাব পড়েছে ওপেনএআই ও অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাতেও। মাইক্রোসফটের সংযোগ ব্যবস্থায় সমস্যার কারণে নতুন সংযোগ তৈরি এবং কিছু টুল ব্যবহারে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ওপেনএআই। একই ধরনের সমস্যার কথা জানিয়েছে অ্যানথ্রপিকও।
অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মার্ক গ্রেগরি মনে করেন, মাইক্রোসফটের নেটওয়ার্ক ব্যবস্থায় ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। তাঁর মতে, কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়লে অন্য সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে সেগুলোও অকার্যকর হয়ে যেতে পারে। এভাবে সমস্যাটি ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ে।
ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নেটওয়ার্কের কনফিগারেশন পরিবর্তনগুলো কার্যকর করার আগে যথাযথ পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ক্লাউড সেবার ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর বিকল্প ব্যবস্থা রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন এই বিশেষজ্ঞ।





