মোবাইল কল ও ইন্টারনেট বিভ্রাট এড়াতে সচলে নতুন পদক্ষেপ নেওয়া হলো

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশে উৎসবমুখর পরিবেশ, কিন্তু একই সঙ্গে ভোটারদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে মোবাইল কল ও ইন্টারনেট বিভ্রাট নিয়ে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ভোটযাত্রার জন্য মানুষ শহর ছেড়ে গ্রামে ছুটছেন, কিন্তু মোবাইল কল বারবার কেটে যাওয়া বা সংযোগ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে।

সরকার ও মোবাইল অপারেটররা এই উদ্বেগ মেটাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ মানের মোবাইল নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে অপারেটরদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধানের জন্য ২৪ ঘণ্টা ‘স্পেশাল সাপোর্ট টিম’ দায়িত্বে থাকবে।

আরও পড়ুন: এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে নেটওয়ার্কে কোনো প্রকার বাধা বা ‘জ্যামার’ ব্যবহার করা হবে না। পুলিশ ও আনসার বাহিনী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনী তথ্য আদান-প্রদান করবেন, তাই নেটওয়ার্কের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রাখা হচ্ছে।

মোবাইল অপারেটররাও তাদের প্রস্তুতির কথা নিশ্চিত করেছে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নেটওয়ার্ক সেবা স্বাভাবিক রাখতে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করা হয়েছে। রবি’র চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি ব্যাকআপ পাওয়ার ও টেকনিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানও নিশ্চিত করেছেন, বিটিআরসি ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে তারা নেটওয়ার্ক অপটিমাইজেশন সম্পন্ন করেছেন।

আরও পড়ুন: চ্যাটজিপিটিকে ছাড়িয়ে মেটার নতুন এআই অ্যাপ

আইএসপিএবি জানিয়েছে, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে ভোটারদের দুশ্চিন্তা নেই। সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম বলেন, নির্বাচনের সময় অধিক সংখ্যক জনবল মোতায়েন করা হয়েছে যাতে কোথাও ইন্টারনেটের গতি কমে না বা সংযোগ বিচ্ছিন্ন না হয়।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, ব্রডব্যান্ড ব্যবসায়ীরা নির্বাচনের দিন এবং পরবর্তী দিন বিশেষ সতর্ক অবস্থায় থাকবেন।