ঈদুল আজহা শেষে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট
ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের রাজধানী ও কর্মস্থলে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এ ধারাবাহিকতায় আজ (শুক্রবার) ১ জুনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন: সকল গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নির্দেশনা কার্যকর করল বিআরটিএ
ঈদ উপলক্ষে প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে। এছাড়া ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে অগ্রিম বিক্রি করা এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করা বাধ্যতামূলক।
আরও পড়ুন: দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, যা জানালো পুলিশ
বাংলাদেশ রেলওয়ের এই উদ্যোগ ঈদ-পরবর্তী যাত্রীচাপ সামাল দিতে এবং যাত্রীদের সহজ ও সুশৃঙ্খলভাবে গন্তব্যে ফেরার সুযোগ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।





