ঢাকায় মেঘলা আকাশ, ৫ দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
সোমবার (২৩ মার্চ) প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাব: তিন বিভাগে বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবেই এই পরিবর্তনশীল আবহাওয়া বিরাজ করছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সামগ্রিকভাবে ভারী বর্ষণের আশঙ্কা নেই।
আরও পড়ুন: রাতে ঢাকাসহ ২০ অঞ্চলে হানা দিতে পারে ঝড়, হতে পারে শিলাবৃষ্টিও
এদিকে, পাঁচ দিনের পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর আগে পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।





