দেশজুড়ে ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩১ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কয়েকদিনের বিরতির পর আবারও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা বেড়েছে এবং তা ধীরে ধীরে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আগামী ২৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ অন্তত ৯টি জেলার ওপর দিয়ে ইতোমধ্যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ তা আরও কিছু জেলায় ছড়িয়ে পড়তে পারে এবং তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঢাকায় থাকবে গরমের দাপট, বৃষ্টির সম্ভাবনা কম

সংস্থাটি জানায়, আগামী দুই দিন তাপমাত্রা আরও বাড়তে পারে, ফলে তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, ২৫ ও ২৬ এপ্রিল নাগাদ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ে পৌঁছাতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, বিরতির পর নতুন করে শুরু হওয়া এই তাপপ্রবাহ কয়েকদিন স্থায়ী হতে পারে। তবে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: দেশজুড়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস

এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মনে করেন, চলতি বছরের তাপপ্রবাহ আগের দুই বছরের মতো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম, কারণ এর সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টিপাত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি এবং ৪০ ডিগ্রির বেশি হলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সিলেটে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দেখা মেলেনি।

বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা আরও বাড়লে চলতি মৌসুমে নতুন রেকর্ডও হতে পারে। তবে এপ্রিলের শেষ দিকে বৃষ্টি শুরু হলে পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে যেতে পারে।