কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণে আইন হচ্ছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ন্ত্রণে আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, "আমরা এআই-এর ব্যবহার নিয়ন্ত্রণে আইন করার জন্য কাজ করছি। আইনটি এআই-এর নৈতিক ব্যবহার নিশ্চিত করবে এবং সমাজে এর নেতিবাচক প্রভাব রোধ করবে।"
আরও পড়ুন: গাড়ি নেই, বৃষ্টিতে ভিজে অপেক্ষা—বাইপাইলে ঈদযাত্রায় নাকাল মানুষ
মন্ত্রী বলেন, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে খসড়া আইন প্রণয়ন করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) ব্যবহারের গুরুত্ব বাড়ছে। ফলে এআইয়ের ইতিবাচক দিকগুলো কাজে লাগানো এবং নেতিবাচক দিকগুলো পরিহার করার মাধ্যমে সার্বিক পরিকল্পনা নিয়ে এ বিষয়ে একটি আইন করা হবে।’
আরও পড়ুন: কাশিয়ানীতে উপজেলা প্রেসক্লাবের ইফতারে সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত
তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত জনপ্রিয়তার মধ্যে এর নিয়ন্ত্রণেও বিভিন্ন দেশ উদ্যোগী হয়েছে। পশ্চিমা উন্নত দেশগুলোও এআই নিয়ন্ত্রণে আইন করার উদ্যোগ নিয়েছে।’
আনিসুল হক বলেন, ‘গুগলের জেমিনি বা মাইক্রোসফটের চ্যাটজিপিটির মতো এআইগুলো এখন বিশ্বের আলোচিত বিষয়। লেখালিখি থেকে শুরু করে প্রশ্নোত্তরসহ নানা ধরনের সৃষ্টিশীল কাজ এখন এআই দিয়েও করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে একটা ড্রাফট (খসড়া) করা হবে। সেখানে কী কী থাকবে, তা নিয়ে আলোচনা হচ্ছে।’
উল্লেখ্য, দেশের টেলিযোগাযোগ, মোবাইল ফোন আপারেটর, ব্যাংক, অনলাইন ও কৃষিখাতসহ অনেক খাতেই কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবহার হচ্ছে। দিনে দিনে এর গ্রাহকও বাড়ছে।





