হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৯৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৮ জনে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: শিশু আভানের মৃত্যু: চিকিৎসা নিয়ে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল মেডিকেলের
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে দুই শ্রেণির মৃত্যু মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।
আরও পড়ুন: অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
একই সময়ে নতুন করে ৫২ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ পাওয়া গেছে আরও ৮৯৩ জনের মধ্যে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৪৫ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৬০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ১১ হাজার ৪৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।





