দুদক পুনর্গঠনে বাছাই কমিটির প্রথম সভা আজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের বাছাই কমিটির প্রথম সভা আজ বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার পদে যোগ্য ব্যক্তিদের বাছাই ও সুপারিশ-সংক্রান্ত কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: সংসদে সাইবার নিরাপত্তা (সংশোধন) বিল পাস, এআই-তৈরি ক্ষতিকর কনটেন্ট অপসারণে কঠোর বিধান
মঙ্গলবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে সভার বিষয়টি জানানো হয়। নোটিশে বলা হয়েছে, দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন এবং তাদের নাম সুপারিশের উদ্দেশ্যে গঠিত কমিটির এটিই প্রথম বৈঠক।
পাঁচ সদস্যের এ বাছাই কমিটির সভাপতি বিচারপতি মো. রেজাউল হক। অন্য সদস্যরা হলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রাজিক আল জলিল, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান প্রফেসর ড. মোবাম্মের মোনেম।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস, অনলাইন জুয়ায় সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড
এর আগে গত ২২ জুন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বাছাই কমিটি গঠন করে।
‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০২৪’-এর ধারা ৭-এর উপধারা (৪) অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন করে যোগ্য ব্যক্তির নামের তালিকা প্রস্তুত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানো বাছাই কমিটির প্রধান দায়িত্ব।
এ ছাড়া, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনীয় সচিবালয়-সংক্রান্ত সহায়তাও প্রদান করবেন।
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেন। এরপর প্রায় তিন মাস কমিশনের শীর্ষ পদগুলো শূন্য থাকায় সংস্থাটির কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ পরিস্থিতিতে দুদক পুনর্গঠনের উদ্যোগ হিসেবে সরকার উচ্চপর্যায়ের এই বাছাই কমিটি গঠন করেছে।





