ফ্যামিলি কার্ড নারীদের ক্ষমতায়নের হাতিয়ার: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ২:৫৩ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইলসাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে করা নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের আর্থিক ও সামাজিকভাবে আরও শক্ত অবস্থানে দাঁড়াতে সহায়তা করবে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাহ আলিম মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢাকাগামী লঞ্চের কেবিনে কিশোরী ধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেপ্তার

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড শুধু আর্থিক সহায়তার মাধ্যম নয়; এটি নারীদের মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক। অনেক সময় পরিবারের পুরুষ সদস্যরা নারীদের গুরুত্ব বুঝতে চান না, তবে যখন কার্ডের মাধ্যমে সহায়তা ও সুযোগ আসবে তখন তাদের দৃষ্টিভঙ্গিও বদলাবে।

তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ১৪টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ধীরে ধীরে এটি দেশের প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়া হবে। নারীপ্রধান পরিবারগুলোকে বিশেষভাবে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: সাগরে ভাসছে চট্টগ্রাম বন্দরের জ্বালানিবাহী ১৪ জাহাজ

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এটি তার শেষ নির্বাচন বলে আগেই ঘোষণা করেছিলেন এবং জনগণ তাকে নির্বাচিত করেছেন। জনগণের সেই আস্থার প্রতিদান দিতে এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে কাজ করে যেতে চান।

তিনি আরও জানান, ঠাকুরগাঁও অঞ্চলে চিকিৎসা ও শিক্ষার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি মেডিকেল টিম কাজ শুরু করেছে এবং আগামী অর্থবছরেই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাস হয়েছে এবং শিগগিরই ভাইস চ্যান্সেলর নিয়োগ ও স্থান নির্ধারণের মাধ্যমে কার্যক্রম চালু করা হবে। এ অঞ্চলে বিমানবন্দর চালুর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কৃষিনির্ভর এই এলাকায় কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি শিক্ষিত তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণ দিয়ে ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা সমাজের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে এসে সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শেষে তিনি বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ হতাশ হবেন না। ধাপে ধাপে সব পরিবারই এই সুবিধার আওতায় আসবে। জনগণের কল্যাণে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য।