সঠিক পথে না ফিরলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন: সরকারকে ডা. শফিকুর রহমান

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না ফিরলে এর পরিণতি ভালো হবে না। তিনি বলেন, দেশের মানুষ এখন সচেতন—জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে তা প্রতিহত করা হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সরকারি নির্দেশ ছাড়াই বন্ধ নরসিংদীর পেট্রোল পাম্প, বিপাকে মোটর চালকরা

জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ চলছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন। এত মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে কীভাবে খুঁজে পাবেন?—প্রশ্ন তোলেন তিনি।

সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম থাকলেও আমরা মেনে নিয়েছি, যেন দেশ অচল না হয়। কিন্তু আপনারা যদি সঠিক ধারায় না ফেরেন, তাহলে সারাদেশের মানুষ—এই জুলাই যোদ্ধারা আপনাদের ক্ষমা করবে না।

আরও পড়ুন: লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের: দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১

সরকার প্রদত্ত বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, সে বাড়িতে আমি থাকব না। দেশের প্রয়োজনে, রাষ্ট্রীয় কাজে—বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্যই সেটি ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের মুখে শুনতে চাই—বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করব, সমর্থন করব। কিন্তু জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করব, প্রয়োজন হলে প্রতিহত করব।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট মহানগরী নায়েবে আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান, সিলেট মহানগরী মজলিশে শূরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সায়েদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির আহমেদ, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখারসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক সহস্রাধিক মানুষ এতে অংশ নেন এবং আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।