সোনাগাজীতে আল খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারে অবস্থিত আল খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার নানা অনিয়মের অভিযোগে সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদুল ইসলাম উপস্থিত থেকে প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

আরও পড়ুন: পুলিশের সিডিএমএস সার্ভার হ্যাক করে এনআইডি প্রতারণা, আটক ১

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদুল ইসলামের নির্দেশনায় মেডিকেল অফিসার ডা. এ.জি.এম. রায়হান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস এবং এএইচআই নুর আলম কুঠিরহাট বাজারে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমোদন ও ড্রাগ লাইসেন্স নেই। আণবিক শক্তি কমিশনের লাইসেন্স ছাড়াই এক্স-রে কার্যক্রম পরিচালনা, অবৈধভাবে হরমোন টেস্ট করা, ল্যাবের রেজিস্টার ও মান নিয়ন্ত্রণে ঘাটতি, চক্ষু বিশেষজ্ঞ ছাড়া চক্ষু সেবা প্রদান, ল্যাব টেকনোলজিস্ট ছাড়া ল্যাব পরিচালনা এবং ভুয়া ডিগ্রিধারী ব্যক্তির মাধ্যমে দন্ত বিভাগ পরিচালনাসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন: গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

এসব অনিয়মের কারণে ডায়াগনস্টিক সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। এর আগে প্রতিষ্ঠানটিকে সংশোধনের জন্য তিন মাস সময় দেওয়া হলেও কর্তৃপক্ষ তা বাস্তবায়নে ব্যর্থ হয়।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, জেলায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। ফেনীতে কোনো অবৈধ হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন ও তদারকি করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।