আশুলিয়ায় ডিবির অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২৮ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক বার্তায় এ তথ্য জানান ডিবির ঢাকা জেলা (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

গ্রেফতারকৃতরা হলেন—মো. শিহাব (২০), গোলাম মোস্তফা নিশাত (২২), দীপক চন্দ্র সূত্রধর (১৯) ও মো. আনিসুর রহমান (১৯)। তারা সবাই আশুলিয়ার জামগড়া ও আশপাশ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এর মধ্যে দীপক চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল অংশ নেয়। অভিযানে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে আশুলিয়াসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, কিছু কিশোর গোপনে সংঘবদ্ধ হয়ে ছিনতাই, মারামারি ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ছে।