ক্ষুদে ফুটবলার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১২:৪৩ অপরাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী ফুটবলার সোহাদার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল-এ গিয়ে তিনি সোহাদার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসায় কোনো ঘাটতি না রাখার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জানান, সোহাদার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে লোডশেডিংয়ের কারণে বাড়ছে হাতপাখার কদর

গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল শহীদ বরকত স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

হাসপাতালে শয্যাপাশে দাঁড়িয়ে সোহাদাকে সাহস জোগান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “তুমি একজন লড়াকু খেলোয়াড়। এই লড়াইয়েও জিততে হবে—আমরা সবাই তোমার পাশে আছি।”

আরও পড়ুন: লালমনিরহাটে অর্ধেক কাটা হাত নিয়ে মৃত্যুঝুঁকিতে রিকশাচালক, ক্লিনিক ঘেরাও

এ ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সোহাদার দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে প্রার্থনা ও সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে।