শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার (২৭) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এ ঘটনায় নিহতের স্বামী রাজু আহাম্মদকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন: ফেনীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সক্রিয় অধিদপ্তর

এ ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার আমিনুল ইসলামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিলা আক্তার দিনাজপুর জেলার বিরামপুর থানার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে।

আরও পড়ুন: মাদকের ভয়াবহ বিস্তার, সাভারের ওসি প্রত্যাহার

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে রংপুর জেলার কাউনিয়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহাম্মদের সঙ্গে শাকিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। বিয়ের পর দম্পতি শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। রাজু স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নিহত শাকিলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের বড় বোন সাবিনা ইয়াছমিন অভিযোগ করেন, ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি বলেন, “স্বামী-স্ত্রী একই ঘরে থাকতেন। যদি শাকিলা ফাঁসিতে ঝুলে থাকে, তাহলে ওই সময় রাজু কোথায় ছিল—এ প্রশ্নের উত্তর পাওয়া দরকার।”

এদিকে নিহতের স্বামী রাজু আহাম্মদ দাবি করেন, রাতে টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শাকিলা বটি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করেন। পরে তিনি বাইরে থেকে দরজা বন্ধ করে ছাদে চলে যান। কিছু সময় পর ফিরে এসে দেখেন শাকিলা ফাঁসিতে ঝুলে আছেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।