গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠল, উদ্বোধনী ম্যাচে বিকেএসপির দাপুটে জয়
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরে শুরু হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩-০ গোলের ব্যবধানে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে হারিয়ে শুভসূচনা করে।
আরও পড়ুন: যুবলীগের ঝটিকা মিছিলের পর এক ফাঁড়ির সব পুলিশ সদস্য বদলি
গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
টুর্নামেন্টকে ঘিরে শহীদ বরকত স্টেডিয়াম ও আশপাশের এলাকায় সাজসজ্জার পাশাপাশি নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে নকআউট পদ্ধতিতে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামী ১০ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ এমপির
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু ও সদস্য সচিব মো. আব্দুর রউফ বাবুল জানান, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ২ লাখ টাকা প্রাইজমানি। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হবে।





