জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Sadek Ali
মো, মনিরুজ্জামান মনির, ‎জয়পুরহাট
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রেনের চাকায় কাটা পড়ে তার মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের উত্তর পাশে ১ নম্বর রেললাইনে এ ঘটনা ঘটে।

‎নিহত আশরাফুল ইসলাম  পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। রাজশাহীতে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি।

আরও পড়ুন: উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ধীরগতিতে ছেড়ে যাচ্ছিল। এ সময় প্ল্যাটফর্মের উত্তর দিকে রেললাইনের পাশে অবস্থান করছিলেন আশরাফুল। একপর্যায়ে তিনি ট্রেনের পেছনের দিকের একটি বগির নিচে চলে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনের চাকায় কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

‎‎‎‎সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন,রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত পক্রিয়া চলমান আছে।

আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার