পটুয়াখালীতে ২ লাখ ৫৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৫:৪২ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।

আরও পড়ুন: গাজীপুরে ৫ লাখ ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) পটুয়াখালী জেলায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবারের ক্যাম্পেইনে জেলার মোট ২ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৮২১টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বিপিএম (সেবা) এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

আরও পড়ুন: কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া ক্যাম্পেইনের গুরুত্ব ও প্রস্তুতি তুলে ধরে বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জাতীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে এবং জেলার প্রতিটি শিশুকে এই সেবার আওতায় আনতে তিনি গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা ও ব্যাপক প্রচার-প্রচারণা কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২৮ জুন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।