শেরপুরে অটোরিকশার ধাক্কায় নিহত ২

Sadek Ali
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৩১ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে অবৈধভাবে স্তূপ করে রাখা বালুর কারণে ঘটে গেল এক সড়ক দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা দুটি যানবাহন পাশ কাটানোর পর্যাপ্ত জায়গা না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক অটোরিকশাচালক ও যাত্রী।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে আড়াইটার মধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফরিদপুরে অপারেশনের পর কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

নিহতরা হলেন উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) ও সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আবদুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম শুক্রবার রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান। সেখান থেকে অটোরিকশাচালক কামরুল হোসেনকে নিয়ে উপজেলার পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।পথিমধ্যে চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে রাখা বালুর স্তূপে অটোরিকশাটি সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক কামরুল হোসেন ও যাত্রী শহিদুল ইসলামের মৃত্যু হয়।

আরও পড়ুন: ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, নিহত ১

পরে স্থানীয়রা সড়কের পাশে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।