ভারী বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৬
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী পুঞ্চ ও রাজৌরি জেলায় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। রোববার (১৯ জুলাই) এ ঘটনায় প্রশাসন, সেনাবাহিনী ও উদ্ধারকারী সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে। টানা বৃষ্টি, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে।
আরও পড়ুন: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে যুক্তরাষ্ট্রের খসড়া চুক্তি
রোববার ভোরে সুরানকোটের লোয়ার মুররাহ গ্রামে ভূমিধসে একটি বাড়ি ধসে পড়ে। এতে বাড়ির আট বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকারীরা ৬০ বছর বয়সী বানো বি ও দুই বছরের শিশু সোফিয়ান ইয়াসারের মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজ ছয়জনের মধ্যে একজন নারী ও চারজন শিশু রয়েছে।
এদিকে নুনাবান্দি গ্রামে বাড়ি ধসে ২৮ বছর বয়সী নাজিয়া কাওসার নিহত হয়েছেন। তার স্বামী মোহাম্মদ হাফিজ এবং দুই থেকে ছয় বছর বয়সী তাদের তিন সন্তান আহত অবস্থায় উদ্ধার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: মার্কিন ভিসা আবেদনকারীদের নতুন সতর্কবার্তা
এছাড়া সাংলানি-সুরানকোট এলাকায় বাড়ি ধসে ২২ বছর বয়সী শাহজাইব আহমদ নিহত হন। মারহোট এলাকায় একটি খালে পড়ে ইরাম নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ধুন্দাক লাথুং সেতুর কাছে একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহও উদ্ধার করা হয়েছে।
পুঞ্চ জেলার হাভেলি তহসিলে একাধিক বাড়ি ধসে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে রাজৌরি শহরে আকস্মিক বন্যার পানিতে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিচু এলাকার শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় বহু যানবাহন পানিতে ভেসে গেছে বা ডুবে গেছে। এতে পুরো এলাকায় ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় আইনপ্রণেতা ইফতিখার আহমদ বলেন, বন্যায় সরকারি ও ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৩ জুলাই পর্যন্ত জম্মু-কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লির কর্মসূচি সংক্ষিপ্ত করে জম্মুতে ফিরে পরিস্থিতি পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।
অন্যদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস





