নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও উত্তররাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন রুকন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলায় যাদের নামে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন, আব্দুল হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী, নাহিদ উদ্দিন তারেক, আবু হেনা মোস্তফা কামাল ও ওয়াদুদ মাহমুদ চৌধুরী। মামলার এজাহারে বাদী ইকবাল হোসেন রুকন উল্লেখ করেন, ২৮ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা হবিগঞ্জ কোর্ট মসজিদের সামনে জড়ো হন।
আরও পড়ুন: জৈন্তাপুরে বিজিবির পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী নিহত
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী নেতৃতে ৪০/৫০ জন এনসিপির নেতাকর্মীরা ছাত্রদলের বিরুদ্ধে শ্লোগান দেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা শ্লোগান দিলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে।
এতে জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলার সময় কয়েকজনের কাছে থাকা পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা চলে যায় এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন। এ বিষয়ে সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু





