বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বগুড়ার কাহালুর কাজীপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
আরও পড়ুন: আশুলিয়ায় অপহৃত শিশু সাইম উদ্ধার, গ্রেপ্তার ২
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কাজীপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাক কেটে চারজনের মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন এবং চারজনের মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: আগুনে পুড়লো গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল
ওসি আরও জানান, নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





