সড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত
বগুড়ার মোকামতলায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম(৫৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার ছিলেন।
আরও পড়ুন: জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রফিকুল ইসলাম সহকর্মীর সঙ্গে মোকামতলা বাজারে নামেন। পরে মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় রংপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
আরও পড়ুন: গ্যাস সংকটে কর্মহীন হওয়ার শঙ্কায় হাজারো শ্রমিক
ওসি আরও বলেন, "দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"





