আশুলিয়ায় গণ অধিকার পরিষদ নেতাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

Shahrier Islam Pallab
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫২ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণ অধিকার পরিষদের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. হালিম মাস্টারকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে দলটিরই কয়েকজন নেতার বিরুদ্ধে। একই সঙ্গে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে চাপ প্রয়োগেরও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাতে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হালিম মাস্টার। এ সময় তিনি অভিযোগের বিষয়ে সাংবাদিকদের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

সংবাদ সম্মেলনে হালিম মাস্টার বলেন, গত দুই দিন ধরে তার বিভিন্ন ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, ছবিগুলো তার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম ও বাধ্যবাধকতার কারণে ব্যবহার করা হয়েছিল। সেই ছবিকে কেন্দ্র করে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমি একজন শিক্ষক মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন ও বাধ্যবাধকতা রয়েছে। সেই কারণে ছবিগুলো প্রতিষ্ঠানে লাগানো হয়েছিল। এখন সেই সুযোগ নিয়ে আমার দলের লোকেরাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন: নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হালিম মাস্টারের অভিযোগ, ছাত্র অধিকার পরিষদের শুভ, ঢাকা উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অর্ণব কুমার, গণ অধিকার পরিষদের ঢাকা-১৯ আসনের সাবেক প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ এবং যুব অধিকার পরিষদের গিয়াসউদ্দিন এ প্রচারণার সঙ্গে জড়িত।

তিনি দাবি করেন, অপপ্রচারের আগে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, যুব অধিকার পরিষদের গিয়াসউদ্দিন তাকে হুমকি দিয়ে বলেছিলেন, সংশ্লিষ্টদের কথা না শুনলে তাকে বিভিন্ন ধরনের হামলা-মামলার মুখোমুখি হতে হবে। এরপরই তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

হালিম মাস্টার বলেন, হুমকির পরের দিনই আমার ছবি দিয়ে বিভিন্ন জায়গায় প্রচারণা চালানো হয়েছে। এতে আমার মনে হয়েছে, আমাকে বিভিন্নভাবে চাপের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের আগে প্রকৃত তথ্য যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে তিনি গণ অধিকার পরিষদের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব নিয়ে অসন্তোষের কথাও তুলে ধরেন।

বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের রাজনৈতিক জোট প্রসঙ্গেও কথা বলেন হালিম মাস্টার। তিনি দাবি করেন, জোটের বিষয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অবস্থান তৈরি হলেও কয়েকজন নেতা ভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এ কারণে আশুলিয়ার তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ তাদের ওপর থেকে আস্থা হারিয়েছে বলেও দাবি করেন তিনি।

হালিম মাস্টার আরও বলেন, আশুলিয়া গণ অধিকার পরিষদের ঢাকা জেলায় নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে ঢাকা উত্তরেও নতুন নেতৃত্ব চান বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাভার উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. বাবু, আশুলিয়া থানা কমিটির সভাপতি মো. উজ্জ্বল হোসেন ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মারুফ আকন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।

তবে হালিম মাস্টারের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ শওকত হোসেন ফরহাদ, অর্ণব কুমার, গিয়াসউদ্দিন ও শুভর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।